News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০১, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৬, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে জিবুতি যাচ্ছেন দুই কর্মকর্তা

ইয়েমেনে আটকে পড়াদের উদ্ধারে জিবুতি যাচ্ছেন দুই কর্মকর্তা

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে কুয়েত থেকে দুই কর্মকর্তা জিবুতি রওনা হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

ওই দুই কর্মকর্তা শুক্রবারের মধ্যে ইয়েমেনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, তারা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে দরকারি ভ্রমণ নথিপত্র দেবেন। প্রয়োজনে জাহাজে করে পারাপারে সাহায্য করবেন।

শিয়া হুতি বিদ্রোহীদের দমনে কয়েক দিন ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা চলছে। এ পরিস্থিতিতে দেশটিতে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে চীন, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র।

ইয়েমেনে অবস্থানরত বাংলাদেশিরাও সরকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
 
ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়, জাহাজে পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে তারা বাংলাদেশিদের ফেরত আনতে সহায়তা করবে।
 
পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ইয়েমেনে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৫০০ থেকে ৩০০০ বাংলাদেশি থাকতে পারে। কিন্তু ইয়েমনে প্রবাসীরা দাবি করেছেন, সেখানে বাংলাদেশিদের সংখ্যা নয় হাজারের কাছাকাছি।

সৌদি সীমান্ত সংলগ্ন ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই।

বৃহস্পতিবার বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের কবলে পড়া দেশ ইয়েমেনে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তারা বলছেন, সেখানে তারা এক রকম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের রান্নার গ্যাস ফুরিয়ে গেছে। ব্যাংক বন্ধ, শ্রমিকরা বেতন পাচ্ছেন না। সারারাত ধরে চলছে বিমান হামলা।
 
নিউজবাংলাদেশ.কম/এসজে
 

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়