বুড়িগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় নিহত ১
ঢাকা: বুড়িগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মো. সমীর মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীতে দু’টি ট্রলারের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঢাকার লালবাগের শহীদ নগর লেনের বাসিন্দা সমীরের পিতার নাম মৃত লাট মিয়া।
সমীরের সহযাত্রী ও প্রতিবেশি মো. রিপন নিউজবাংলাদেশকে বলেন, তারা মঙ্গলবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলীতে শাহ্ সোলেমান লেংটার মাজারে ওরস শরীফ ও মেলায় অংশ নিতে গিয়েছিলেন। মেলা থেকে আজ তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীতে তাদের ট্রলারটিকে অন্য একটি ট্রলার ধাক্কা দেয়। এতে সমীরসহ ৪-৫ জন ছিটকে নদীতে পড়ে যায়। অন্যেরা সাঁতরে আবারও ট্রলারে উঠতে পারলেও সমীর পানিতে ডুবে যান। পরে তাকে (সমীর) স্থানীয় লোকজন ও ট্রলারের সহযাত্রীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে সমীরকে মৃত ঘোষণা করে।
ঢামেকের পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








