কালীগঞ্জে ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি
ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতরাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে নারী-পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন মোল্লা জানান, জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের উপর দিয়ে গতরাতে ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টি বয়ে গেছে। এতে ইউনিয়নটির কামাল হাট, ঘোষপাড়া, খুড়িকাডাঙ্গা, বিনোদপুর, খালকোলা, রামচন্দ্রপুরসহ প্রায় ১০ টি গ্রামে বিপুল পরিমাণ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফুল-ফলের বাগানসহ ফসলী জমি, বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘুর্ণিঝড়ে নারী-পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রামচন্দ্রপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী মারুফা খাতুনসহ তিন জনের অবস্থা গুরুতর।
তিনি আরো জানান,আর্থিকভাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহোযোগিতা দেওয়া হবে।
ইউএনও, কৃষি কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








