News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৫, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৬, ১৮ জানুয়ারি ২০২০

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস

ঢাকা: ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বিশ্বব্যাপী অটিজম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এদিন সারাবিশ্বে দিবসটি পালন করা হয়। এ বছর অষ্টমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করছে।

জাতিসংঘ ও এর সদস্য রাষ্ট্রগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করে। এ উপলক্ষে বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব অটিজম দিবসে এবারের প্রতিপাদ্য ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভ’ত সমাজ গঠনে শুভ বারতা’। এ দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনসমূহে নীল বাতি প্রজ্জ্বলন করা হবে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকার বাইরের জেলাগুলোতে জেলা প্রশাসন ও অটিজম নিয়ে কর্মরত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এদিন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। অটিস্টিকদের প্রতি সমবেদনা জানাতে এসব অফিস ভবনে তিন দিনব্যাপি নীল বাতি জ্বালানো হবে বলেও মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয়।

১৯৮৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়ে আসছে। ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভার ৬২/১৩৯ রেজুলেশনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস অন্তর্ভুক্ত করা হয়। কাতারের প্রস্তাবে এবং সদস্য রাষ্ট্রসমূহের সমর্থনে জাতিসংঘ এটি অনুমোদন করে। এই রেজুলেশনে ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অটিজম মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ২০১৩ সালের ৩০ মে অনুষ্ঠিত সাধারণ সভার রেজুলেশনে অটিজমকে অন্তুর্ভুক্ত করে নেয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়