পঞ্চম অধিবেশন শেষ হচ্ছে বৃহস্পতিবার
ঢাকা: দশম জাতীয় সংদের পঞ্চম অধিবেশন শেষ হতে যাচ্ছে বৃহস্পতিবার। টানা তিনমাস চলার পরে ৩৯ কার্যদিবসের এ অধিবেশন সমাপ্তি ঘটতে যাচ্ছে। গত ১৯ জানুয়ারি বছরের প্রথম এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
বছরের প্রথম অধিবেশন হওয়াতে প্রথা অনুযায়ী শুরুর দিনই ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দ্বিতীয় দিন থেকেই রাষ্ট্রপতির বক্তব্যের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সরকারি ও বিরোধীদলের সব সংসদ সদস্যরাই এ পর্বে আলোচনার সুযোগ পান।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বুধবার পর্যন্ত ২২৭ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন। তাদের আলোচনার ব্যাপ্তি ৫৬ ঘণ্টা। এ আলোচনায় ৩৭ জন বিরোধীদলের ও স্বতন্ত্র সংসদ সদস্যও ছিলেন।
অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বক্তব্য দিবেন। ধন্যবাদ প্রস্তাব গ্রহণের পরে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনে সমাপ্তি ঘোষণা করবেন। গত ৫ মার্চ এ অধিবেশন সমাপ্ত করার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয়।
আগামী জুনের প্রথম দিকেই চলতি বছরের বাজেট (ষষ্ঠ) বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন সংসদে বাজেট পেশ করতে পারেন। বাজেট পেশের পরেই বাজেট বিষয়ে সংসদে আলোচনা হবে। নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যদের সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই
নিউজবাংলাদেশ.কম








