চাঁদপুরে অপহৃত ছাত্রী রায়পুরে উদ্ধার
লক্ষ্মীপুর: অপহরণের ৭ ঘণ্টা পর চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শুরবিনকে (১৮) লক্ষ্মীপুরের রায়পুর কাজির দিঘির পাড় গ্রাম থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১০টায় ফরিদগঞ্জ উপজেলার ধনিয়া গ্রাম থেকে অপহৃত হয়েছিলেন শুরবিন ও তার মা ফাহিমা বেগম। শুরবিন ও ফাহিমা ওই গ্রামের সৌদি প্রবাসী ছানা উল্লার মেয়ে ও স্ত্রী। বুধবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় উদ্ধার হওয়া মা ও মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে বলে পুলিশ জানায়।
শুরবিনের মা ফাহিমা বেগম ও মামি কলেজ শিক্ষিকা শামসুননাহার জানান, “মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে ফাহিমা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে চাঁদপুরে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে রাত ১০টায় তারা একত্রে বাড়ি ফিরছিলেন। অটোরিকশা থেকে নেমে ধনিয়া গ্রাম দিয়ে তারা নিজ বাড়ি দিঘলদি গ্রামে যাচ্ছিলেন।”
তারা জানান, “এ সময় পাঁচ-ছয় জনের মুখোশ পরা দুর্বৃত্ত মা ও মেয়েকে মাইক্রোবাসে তুলে রায়পুরের পানপাড়ায় চৌরাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে ফাহিমাকে ফেলে তার মেয়ে শুরবিনকে লক্ষ্মীপুরে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল।
সাংবাদিকের কাছ থেকে এ খবর পেয়ে রাত তিনটায় পুলিশ সুপারের সহযোগিতায় সদর থানা পুলিশ বুধবার ভোর চারটায় শুরবিনকে রায়পুরের কাজির দিঘিরপাড় গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
জানা যায়, অপহরণকারীরা পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জেলা পুলিশ সুপার শাহ-মিজান শাফিউর রহমান জানান, “কেনো এ অপহরণের ঘটনা ঘটল তা ফাহিমা বেগম ও তার মেয়ে শুরবিনকে জিজ্ঞসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যতটুকু জানতে পেরেছি ৫০ হাজার টাকা লেনদেন নিয়ে তাদের এক আত্মীয় এ ঘটনা ঘটিয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








