ঝড়ের তাণ্ডব: বসতবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং দোকানঘরসহ অন্তত ৫০টি প্রতিষ্ঠানের ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ ঝড়ে কমলনগর উপজেলার পাঁচটি গ্রামে এ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, দক্ষিণ লরেঞ্চ গ্রামের মো. হারুনুর রশিদ এবং মো. আজাদ মিয়ার বসত বাড়ি, উত্তর চর কালকিনি কলোনি মসজিদ, দক্ষিণ মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়, চর জগদ্বন্ধু উচ্চ বিদ্যালয়, পশ্চিম লরেঞ্চ বালিকা মাদরাসা, শহীদ নগর উচ্চ বিদ্যালয় এবং সংলগ্ন মার্কেট, হাজিরহাট হামেদিয়া ফাজেল মাদ্রাসাসহ অসংখ্য বাড়ি-ঘর।
কালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লরেঞ্চ গ্রামের শামছুল হক মিয়ার ছেলে মো. আজাদ এবং তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক মো. হারুনুর রশিদ জানান, “ঝড়ে তাদের বসত ঘর দুমড়ে মুচড়ে সম্পূর্ণ ভেঙে গেছে।
ঝড়ে ক্ষয়-ক্ষতির বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল জানান, “ঝড়ে ক্ষয়-ক্ষতির তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার জন্য চেষ্টা করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








