যুব সংগঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা: যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার এ বিলে তিনি সম্মতি দেন।
দশম সংসদের পঞ্চম ও চলতি বছরের প্রথম অধিবেশনে গত ৩ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ বিলটি উত্থাপন করেন। প্রস্তাবের পর গত ৩০ মার্চ বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, এই আইনের মাধ্যমে যুব কার্যক্রমের সংজ্ঞা ও পরিধি নির্ধারণ করা হয়েছে। যা সংগঠনের কার্যক্রমের শৃঙ্খলা বিধান করবে। পাশাপাশি মিথ্যা তথ্যের ওপর কোনো যুব সংগঠন প্রতিষ্ঠিত বা তালিকাভুক্ত হলে রাষ্ট্র কিংবা জনস্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রস্তাবিত আইনে সংগঠন বিলুপ্ত করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই আইনে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে কোনো যুব সংগঠন নিবন্ধিত হয়েছে বলে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে প্রমাণ থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নিবন্ধন বাতিল করতে পারবে।
কোনো যুব সংগঠন এই আইনের পরিপন্থী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী কার্যক্রম পরিচালনা করলে নিবন্ধন বাতিল করারও বিধান রাখা হয়েছে।
সংসদের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে তালিকাভুক্ত নিবন্ধিত যুব সংগঠনের সংখ্যা ১৪ হাজারেরও বেশি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








