News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

খালেদা বুঝেও না বোঝার ভান করছেন: হাসিনা

খালেদা বুঝেও না বোঝার ভান করছেন: হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যে এখন খালেদা জিয়ার সঙ্গে নেই, তা বুঝেও না বোঝার ভান করছেন তিনি। আর আন্দোলনের নামে তিনি যে কী চাচ্ছেন তা বোধগম্য নয়।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধে নাশকতায় নিরীহ মানুষের প্রাণহানি নিয়ে যেমন সমালোচনা রয়েছে, তেমনি কর্মসূচির প্রভাবও এখন জনজীবনে দৃশ্যমান নয়। তার এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে, আর এটাই হবে তার কথিত আন্দোলনের পরিণতি।”

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন স্বাধীনভাবে এ নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দল নিরপেক্ষ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার জন্য প্যানেল তৈরি করা হচ্ছে।”

সংসদে বিরোধী জোটের আন্দোলনের ফলে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে শেখ হাসিনা জানান, বিএনপি জোটের ৮৫ দিনের কর্মসূচিতে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ১৩০ জন নিহত এবং সহস্রাধিক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। এই সময়ে ২ হাজারের বেশি গাড়িতে আগুন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত নাশকতায় ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে মোট ১১ কোটি ৭০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আরও ৩০ জনের পরিবারকে ১ কোটি ১৭ লাখ টাকা অনুদান দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায় রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও প্রধানমন্ত্রী আরও জানান, যেসব যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ৪২৬টির মালিককে মোট ৫ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও ৩৯৫টি ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়