News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে মেট্রোরেলের সময়সূচি পুনর্নির্ধারণ

রমজানে মেট্রোরেলের সময়সূচি পুনর্নির্ধারণ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলের সময় পুনর্নির্ধারণ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে (এক ট্রেনের পর আরেক ট্রেনের ব্যবধান) ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৮ মিনিটের মধ্যে রাখা হয়েছে। স্বাভাবিক সময়ে এই ব্যবধান সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানী ঢাকার যেসব পথ এড়িয়ে চলবেন আজ

এ ছাড়া রমজান মাসে যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকা ও ট্রেনে পানীয় জল বহনের অনুমতি থাকবে। ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রেও নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলার পাশাপাশি স্টেশন ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও এই সময়সূচি কার্যকর থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়