রাজধানী ঢাকার যেসব পথ এড়িয়ে চলবেন আজ
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।
যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা নিয়েছে।
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কসমূহ:
১. মিরপুর রোড থেকে ফার্মগেট (ভায়া মানিক মিয়া এভিনিউ)
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং–ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট
আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)–প্রতিরক্ষা গ্যাপ–ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং–ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে হবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং–ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ–বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউয়ের ব্লকেড সরিয়ে ফেলা হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সব ধরনের যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








