News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ১ জানুয়ারি ২০২৬

খিলগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

খিলগাঁওয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল বাংলাদেশ পুলিশের ‘নায়েক’ পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নায়েক রুবেল পুলিশ হেডকোয়ার্টার্সের পাশে নিজের দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রাত ১টার দিকে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ রাজারবাগ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে সিএনজি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটি শেষ করে বাসায় ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। 

তিনি বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। পলাতক চালককে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এবং পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে খিলগাঁও থানা পুলিশ ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়