রাজধানীতে সিএনজি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা এবং বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন। তার বাবার নাম রমেজ তালুকদার এবং মোটরসাইকেল চালক শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত আশিক (২১)। তিনি দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার ইব্রাহিম বাবু ওরফে জহিরুল ইসলামের ছেলে। ইয়াসিন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে ২০২৫ সালে তিনি ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
আরও পড়ুন: বছরের প্রথম সকালে পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে প্রাণহানি ৪
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। একই সময়ে অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাওয়ার পথে ফ্লাইওভারের ক্রসিংয়ে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








