যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশিষ জোয়াদ্দার মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে। তিনি কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
আশিষের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা কোনো কিছু নিতে না পেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
আরও পড়ুন: হান্নান মাসুদকে হত্যার হুমকি, মূল অভিযুক্ত আটক
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








