News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

নববর্ষে সারাদেশে শিশুসহ নিহত ৬

নববর্ষে সারাদেশে শিশুসহ নিহত ৬

ঢাকা: নববর্ষের প্রথম দিনে দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় ছয়জন নিহত হয়েছে।

নিহতরা হলেন-নারায়ণগঞ্জে অমিত (২৭), লক্ষ্মীপুরের কমলনগরে রেশমা আক্তার (১০) নামের এক শিশু, গাইবান্ধায় মোকলেছ মিয়া (৩৭) নামে এক বিজিবি সদস্য, ঝিনাইদহের শৈলকুপায় আপসনা মিম (১১) নামে এক শিশু এবং হবিগঞ্জের লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধে তাহের মিয়া (৫০) এবং বাগেরহাটে বাসচাপায় মাহারুল ইসলাম রচি (১৬) নামে এক স্কুলছাত্র ।

নিউজবাংলাদেশ.কম জেলা প্রতিনিধিরা এসব তথ্য পাঠান।

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জে নববর্ষ উদযাপন করতে বের হয়ে বাসচাপায় অমিত নামের এক তরুণ নিহত হয়। দুর্ঘটনায় অমিতের বন্ধু প্রসেনজিতের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় উল্টো রাস্তা দিয়ে ঢাকামুখী বাসের (ঢাকা মেট্রো ব-১৪-০৮৫৬) সঙ্গে নারায়ণগঞ্জমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় একজন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আজাহার হোসেন জানান, আগুন দেওয়ার কারণে কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, জেলার কমলনগরে ট্রাক্টর-ট্রলির চাপায় রেশমা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে চরলরেন্স বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা হোসেন আহাম্মদের মেয়ে।

সে চর জাঙ্গালীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, নববর্ষ উপলক্ষে বিকেলে রেশমা বন্ধুদের সঙ্গে বাজারে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় একটি ট্রাক্টর ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসক রেশমাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত  করেন।

খুলনা সংবাদদাতা জানান, খুলনায় সড়ক দুর্ঘটনায় কুলসুম বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ছটার দিকে রাস্তা পার হওয়ার সময় গোয়ালখালীর বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খালিশপুর থানার উপপরিদর্শক  বিপ্লব জানান, দৌলতপুর থেকে আসা খুলনা অভিমুখী একটি গাড়ি কুলসুম বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

গাইবান্ধা সংবাদদাতা জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোকলেছ মিয়া (৩৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও চার যাত্রী আহত হন।

রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বকচর এলাকায় মঙ্গলবার সকাল ছটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকলেছ মিয়ার বাড়ি সিলেট। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মোকলেছ মিয়া সাগরিকা পরিবহনের একটি বাসে করে কর্মস্থল কুড়িগ্রাম ফিরছিলেন। পথে উপজেলার বকচর এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোকলেছ মারা যান ও বাসে থাকা চার যাত্রী আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বিজিবি সদস্যের লাশ তার কর্মস্থল কুড়িগ্রামে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
 
ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপসনা মিম (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের গ্রামের যোগীপাড়া গ্রামের  আমিরুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, আপসনা মিম মঙ্গলবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে নানি বাড়ি ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে বের হয়। বিকাল সাড়ে চারটার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুর স্ট্যান্ডে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় সে ঘটনাস্থলে নিহত হয়।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাশেম খান সড়ক দুর্ঘটনায় আপসনা মিম (১১) নামে এক স্কুল ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ সংবাদদাতা জানান, হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বামৈ গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই গ্রামের বাসিন্দা স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউপি মেম্বার ফরিদ মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফরিদ মিয়ার ভাগ্নে তাহের মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে বাসচাপায় মাহারুল ইসলাম রচি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার রাত আটটার দিকে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট শহরের অদূরে খানকাশরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহারুল ইসলাম রচি বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

সে বাগেরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খান মনির হোসেনের ছোট ছেলে।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণির ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র প্রিন্স (১৭) ও খুলনা পাবলিক কলেজের একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার নাদিম জয় (১৭)।

প্রিন্স শহরের মুন্সিগঞ্জ এলাকার অ্যাডভোকেট কাজী মনোয়ার হোসেনের ছেলে এবং খারদ্বার এলাকার ব্যবসায়ী সরদার আবু সাঈদের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক নিউজবাংলাদেশ.কমকে জানান, রাতে বাগেরহাট সদর উপজেলার হযরত খানজাহান (রহ.) মাজার মোড় থেকে চার পাঁচটি মোটরসাইকেল বাগেরহাট শহরের দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি রচিদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে এসএসসি পরীক্ষার্থী খান মাহারুল ইসলাম রচিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়