News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৬, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১৫:৩১, ২৪ অক্টোবর ২০২০

‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’

‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’

                        
রাজশাহী বিশ্ববিদ্যালয়: বাংলা নববর্ষ ১৪২২ কে বরণ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ এ স্লোগানকে সামনে রেখে মেতে উঠবে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

১৪ এপ্রিল পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। এদিন বাঙালি জাতি হানাহানি মারামারি, কাটাকাটি ভুলে গিয়ে একত্র হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ এক মোহনায়।

পহেলা বৈশাখকে বরণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান।


এবারের বৈশাখে দুদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীরা পালন করবে বাংলা  ঐতিহ্যবাহী এ দিনটিকে, সে লক্ষ্যে প্রস্তুতিও চলছে সমানতালে।

দুদিন ব্যাপী এই আয়োজনে পহেলা বৈশাখ সকাল সাড়ে নটায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মতিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানউদ্দিন, বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ কুমার মিত্র প্রমুখ।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হবে। মঙ্গল শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে তৈরি করা হয়েছে প্রধান তিনটি মোটিফ একটি ‘হাতি’, একটি দোয়েল পাখি’ ও একটি পালকি। সাথে থাকছে অশুভ শক্তি দূর করার প্রত্যয় নিয়ে ১০০ থেকে ১৫০ টি বিভিন্ন ধরনের মুখোশ।


ওইদিন বেলা সাড়ে ১২টায় চারুকলা বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় বিশ্ববিদ্যালয় চারুকলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল তিনটায় রাবি রং চারুশিল্পী গ্রুপের উদ্যোগে রঙ চিত্রাঙকন প্রতিযোগিতা হবে। পরদিন সকাল ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ছাড়াও বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পৃথক পৃথক কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, ম্যানেজমেন্ট স্টাডিজ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, মার্কেটিং, বাংলা, দর্শন, নাট্যকলা ও সঙ্গীত, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা, ইসলামের ইতিহাস, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, লোক প্রশাসনসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, বাঙালি ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ ও সংস্কৃতিক অনুষ্ঠান।

বৈশাখের প্রস্তুতি সর্ম্পকে চারুকলা বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ  বলেন, “এবারের মঙ্গল শোভাযাত্রায় ঘোড়াকে প্রাধান্য দেওয়া হলেও বরাবরের মতো বাংলা সংস্কৃতির সবকিছুই থাকবে আয়োজনে। পুতুল, মুখোশসহ নানা ধরনের শিল্পকর্ম পহেলা বৈশাখকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলবে।”

বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.আবদুল মতিন তালুকদার নিউজবাংলাদেশ.কমকে বলেন, “প্রতিবছরের ন্যায় এবছরও আমরা নববর্ষকে বরণ করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।”

এছাড়া দুদিন ব্যাপী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন থাকছে।
 
এদিকে বর্ষবরণের উৎসবকে নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর  তারিকুল হাসান বলেন, “পহেলা বৈশাখে ক্যাম্পাসে সকল প্রকার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার কথা বলা হয়েছে।”
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “পহেলা বৈশাখে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সে দিকে খেয়াল রেখেই পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়