কামারুজ্জামানের ফাঁসি কার্যকর
ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে ঘাতক বাহিনী আলবদরের কমান্ডার ও বর্তমান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে।
শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়। আইজি প্রিজন ইফতেখার উদ্দিন নিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইফতেখার উদ্দিন বলেন, “কামারুজ্জামানকে ফাঁসির মঞ্চে আনার সময় তিনি পড়ে যান। এর ফলে ফের তার স্বাস্থ্যপরীক্ষা করা হয়। এ কারণে ১০টা ০১ মিনিটে ফাঁসি কার্যকরের কথা থাকলেও তা বিলম্ব হয়। পরে ১০ টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।”
দণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন- আইজি প্রিজন ইফতেখার উদ্দিন, এডিশনাল আইজি প্রিজন কবির হোসেন, ডিআইজি প্রিজন গোলাম হায়দার, জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক আহসান হাবিব।
এর আগে, শনিবার বিকেলে কামারুজ্জামানের সঙ্গে কারাগারে শেষ সাক্ষাৎ করেন পরিবারের ২৪ সদস্য।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রাখেন আদালত।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








