ঢাকা দক্ষিণে প্রতীক বরাদ্দ
খোকনের ইলিশ আব্বাসের মগ
ঢাকা: বাবা মোহাম্মদ হানিফের প্রতীক ‘ইলিশ মাছ’ জুটে গেল পুত্র সাঈদ খোকনের ভাগ্যে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস প্রতীক হিসেবে পেয়েছেন ‘মগ’।
শুক্রবার দক্ষিণের রিটার্নিং অফিস মহানগর নাট্যমঞ্চে তারা এসব প্রতীক বরাদ্দ পান।
জানা যায়, সাঈদ খোকনসহ আরও ছয় প্রার্থী ইলিশ মাছ প্রতীক নিয়ে নির্বাচন করার ইচ্ছা জানান। এ জন্য তারা ইলিশ চেয়েই আবেদন করেন।
তবে প্রতীক বরাদ্দের সময় সাঈদ খোকন সবার উদ্দেশ্যে বলেন, ‘এটা আমার বাবার প্রতীক। এই প্রতীক নিয়ে বাবা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এটা আমার আবেগের প্রতীক। আপনারা যদি এই প্রতীক আমাকে ছেড়ে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’
তার এ কথায় সায় দিয়ে অন্য প্রার্থীরা খোকনের প্রতি সমর্থন জানান। পরে রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ তাকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেন।
এদিকে মির্জা আব্বাসের পছন্দের প্রতীক ছিল ‘হাতি’। তবে এ প্রতীক চেয়েছিলেন আরও সাতজন। এক প্রতীকে অনেকের চাওয়া থাকায় শেষ পর্যন্ত মির্জা আব্বাসের আইনজীবী হাতি প্রতীক ছেড়ে দেন। এ সময় তিনি ‘মগ’ প্রতীক পাওয়ার ইচ্ছা জানান। প্রতীকটি খালি থাকায় সেটিই মির্জা আব্বাসের জন্য বরাদ্দ দেন রিটার্নিং অফিসার।
তবে লটারিতে বিজয়ী হয়ে হাতি প্রতীক পেয়েছেন দীলিপ ভদ্র নামে এক প্রার্থী।
সকাল সাড়ে ৯টা থেকে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে মেয়র, এরপর সংরক্ষিত ও সবশেষে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিকে প্রতীকের চেয়ে প্রার্থী বেড়ে যাওয়ায় নতুন আরও ৩০টি প্রতীক চূড়ান্ত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই
নিউজবাংলাদেশ.কম








