চট্টগ্রাম সিটি নির্বাচন
মনজুরের কমলা নাছিরের হাতি
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে কমলালেবু ও আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিনকে হাতি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম মহানগরীর মুসলিম হলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।
এদিন তিন সিটি ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ২৮৬ জন প্রার্থী রয়েছেন।
এর মধ্যে মেয়র পদে লড়াই করছেন ১২ জন। মেয়র পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ২১৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জন।
চট্টগ্রাম মেয়র প্রার্থীরা হলেন সদ্য বিদায়ী মেয়র বিএনপি সমর্থিত এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ, বিএনএফের প্রার্থী আরিফ মঈনুদ্দিন, ইসলামী ফ্রন্টের এম এ মতিন, গাজী মোহাম্মদ আলাউদ্দিন, ইসলামিক ফ্রন্টের মুজিবুল হক শুক্কুর, ওয়াইএস হোসেন ভূইয়া, সৈয়দ সাজ্জাদ জোহা, সাইফুদ্দিন আহমেদ রবি, আবুল কালাম আজাদ ও শফিউল আলম।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








