পুলিশে ৫০ হাজার সদস্য নেয়া হবে শিগগিরই
গাজীপুর: পুলিশ বাহিনীতে শিগগিরই আরও ৫০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা জানান।
কামাল বলেন, “অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পুলিশ সদস্য কম। এরইমধ্যে পুলিশে ১০ হাজার সদস্য নেওয়া হয়েছে। শিগগিরই আরও ৫০ হাজার সদস্য নেওয়া হবে।”
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আটটি নতুন থানা স্থাপন করা হবে। একনেকে অনুমোদন পেলেই থানাগুলো স্থাপনের কাজ শুরু হবে।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
নিউজবাংলাদেশ.কম/ওএস/এজে
নিউজবাংলাদেশ.কম








