সরে দাঁড়ালেন কবরী, ববি ও সালাম
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী সারাহ্ বেগম কবরী ও এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। দক্ষিণ থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার তারা মনোনয়নপত্র তুলে নেন। বিকেল সোয়া ৪টায় ববি হাজ্জাজ তার মনোনয়ন পত্র তুলে নেন। তার কিছুক্ষণ পর পৌনে ৫টার দিকে কবরীও তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে দক্ষিণ থেকে মনোনয়ন পত্র তুলে নেন আব্দুস সালাম।
সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২১ মার্চ ঢাকা উত্তর থেকে মেয়র পদে নির্বাচন করবেন বলে জানান ববি হাজ্জাজ। পরদিন ২২ মার্চ তাকে বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তবুও তিনি নির্বাচন করবেন বলে তার কার্যক্রম চালিয়ে যান। সে ধারাবাহিকতায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ২৯ মার্চ নিজে এসেই তার মনোনয়ন পত্র জমা দেন। তবে আকস্মিকভাবেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এদিকে নারায়নগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী মনোনয়ন পত্র তুলেন ২৪ মার্চ। মনোনয়ন জমাও দেন নিজে এসে। ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কবরী বলেন, “আমি প্রধানমন্ত্রীর আশির্বাদ নিয়েই নির্বাচন করতে যাচ্ছি।”
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রেও তিনি একই কথা বলেন। মনোনয়ন পত্র জমা দেয়ার আগে নিউজবাংলাদেশকে কবরী বলেন, “প্রধানমন্ত্রী আমাকে সরে দাঁড়াতে বলেছেন। তার কথার প্রতি শ্রদ্ধা জানিয়েই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।”
দক্ষিণ সিটি করপোরেশনে মির্জা আব্বাসকে বিএনপি থেকে সমর্থন দেয়ায় নিজেকে সরিয়ে নিলেন বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সালাম। সালামের পক্ষে বিকেলে তার আইনজীবী মনোনয়ন পত্র তুলে নেন।
এর আগে দক্ষিণে ইসলামী আন্দোলনের নেতা ইমতিয়াজ আলমও তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। পাশাপাশি দুই সিটিতেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে আগ্রহীরা তাদের প্রার্থিতা সরিয়ে নিচ্ছেন। আজই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে
নিউজবাংলাদেশ.কম








