আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, হামলায় আহত ৫
সাভার: আশুলিয়ার একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় মালিকপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালালে ৫ শ্রমিক আহন হয়। বৃহস্পতিবার সকালে আমতলা এলাকার ট্যাক্সস্ট্রিম ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্যাক্সস্ট্রিম ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা দিতে কর্তৃপক্ষ তালবাহানা করে আসছিল। বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা এ টাকা চাইলে কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। এর পরপরই শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে।
সূত্র আরো জানায়, একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করলে মালিকপক্ষের কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় কারখানার ৫ শ্রমিক আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই কারখানাটিতে বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “শ্রমিক বিক্ষোভের মুখে কারখানাটিতে বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








