News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৬, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:৩১, ২৫ জানুয়ারি ২০২০

যশোরে আ.লীগের ২ নেতাকর্মীর হাঁটুতে ‘বেয়নেট চার্জ’

যশোরে আ.লীগের ২ নেতাকর্মীর হাঁটুতে ‘বেয়নেট চার্জ’

যশোর: যশোরে আফরুজ্জামান আফরু (৪০) ও হাসান (৩৮) নামে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গুরুতর আহত অবস্থায় বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনের হাঁটুতে ক্ষত রয়েছে।

আহতদের দাবি, আটক করার পর পুলিশ তাদের ব্যাপক নির্যাতনের পর হাঁটুতে বেয়নেট জাতীয় কিছু ঢুকিয়ে দিয়েছে। তবে পুলিশ বলছে, গণধোলাইয়ে আহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আফরুজ্জামান আফরু যশোর সদরের হামিদপুর এলাকার আসাদুজ্জামানের ও হাসান দায়তলা এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

আফরুজ্জামান আফরু যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক বলে নিজেকে পরিচয় দেন। হাসান আওয়ামী লীগ কর্মী ও ব্যবসায়ী।

আহত হাসান দাবি করেন, বুধবার সকাল ছয়টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে ডেকে থানায় নেয়। পরে ডিবির হেফাজতে দেয়া হয়। ডিবি অফিসে তাকে ইলেকট্রিক শক দেয়া হয়। আর জানতে চাওয়া হয়, মঙ্গলবার গুলিতে নিহত আওয়ামী লীগ কর্মী মঞ্জুর রশিদের খুনি কারা? তিনি কোনো স্বীকারোক্তি না দেয়ায় রাতে চোখ বেঁধে তার বাম পায়ের হাঁটুতে বেয়নেট জাতীয় ধারালো কিছু ঢুকিয়ে দেয়া হয়। রক্তক্ষরণ শুরু হলে পুলিশ প্রহরায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আফরুজ্জামান আফরুও পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করেন। তার দাবি, চাঁদপাড়া ফাঁড়ির পুলিশ কনস্টেবল বখতিয়ার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে আটক করে ডিবি হেফাজতে দেয়। সেখানে ব্যাপক নির্যাতনের একপর্যায়ে তার বাম পায়ের হাঁটুতে বেয়নেট জাতীয় কিছু একটা ঢুকিয়ে দেয়া হয়।

তবে ডিবির ওসি মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “পুলিশ আফরু বা হাসান নামে কাউকে আটক করেননি। তাই নির্যাতনের প্রশ্নই ওঠে না।”

এদিকে হাসপাতালে অবস্থানরত কোতোয়ালী থানার এসআই তৌহিদুল ইসলাম আহত দু’জনের দাবি অস্বীকার করে বলেন, “এরা এলাকাবাসীর মারপিটে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে হামিদপুরের আওয়ামী লীগ কর্মী মঞ্জুর রশিদকে অজ্ঞাত দুর্বৃত্তরা শহরের আরএন রোডে গুলি করে হত্যা করে। মঞ্জুরের হত্যাকারীদের ধরতে এলাকাটিতে পুলিশি অভিযান চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়