News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

রায় যেভাবেই লেখা হয়েছে সেভাবেই কার্যকর: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রায় যেভাবেই লেখা হয়েছে সেভাবেই কার্যকর: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পহেলা বৈশাখ পালন উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। ‘কামারুজ্জামানের রায় কবে কার্যকর হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবেই কার্যকর করা হবে। এক্ষেত্রে যতদ্রুত সম্ভব আদেশ বাস্তবায়ন করা হবে।”

সন্ধ্যা ৬ টার মধ্যে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে হবে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সার্বিক দিক বিবেচনা করে সন্ধ্যা ৬ টার মধ্যে ১৪২২ বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে।”

১ বৈশাখে সারাদেশে নিরাপত্তা জোরদার করা, অনুষ্ঠান স্থল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টারমিনালসহ গুরুত্বপূর্ণ ও লোক সমাগমের জায়গায় সিসি টিভির মনিটরিং, জেলা-উপজেলায় বর্ষবরণ এলাকার নিরাপত্তা, সিনেমাহল ও জনসমাগমের জায়গায় নিরাপত্তা বিধানকল্পে আগাম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এছাড়াও ঢাকার রমনা পার্ক ও আশপাশের সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি  বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এছাড়া বাংলা নতুন বছরের (১৪২২ সাল) প্রথম দিনটির উদযাপন উপলক্ষ্যে দেশের সব কারাগারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশীয় খাবার সরবরাহ, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বৃদ্ধি, নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন, অগ্নি নির্বাপণ সংস্থা, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা, ধূলার উৎপাত কমাতে রাস্তায় পানি ছিটানো, ডাস্টবিন স্থাপন ও মোবাইল টয়লেট স্থাপন করাসহ জনসমাগম এলাকায় ‘লস্ট অ্যান্ড ফাইন্ড’ সেন্টার স্থাপন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এজে/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়