বিএসটিআইকে সহায়তা দেবে মার্কিন প্রতিষ্ঠান এনআইএসটি
ঢাকা: মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সক্ষমতা বাড়াতে ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দেবে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)।
আমেরিকা সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সৌজন্যে আয়োজিত বৈঠকে সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা এ ঘোষণা দেন।
তারা আগ্রহ প্রকাশ করেছেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে মান বিষয়ক প্রশিক্ষণ প্রদানেও। প্রতিনিধি দলটি গতকাল যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
এনআইএসটির গবেষণাগার কর্মসূচি বিষয়ক ভারপ্রাপ্ত সহযোগী পরিচালক ড. রিচার্ড ক্যাভানা এ বৈঠকে প্রতিনিধি দলকে সংস্থার সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
এ সময় তিনি বলেন, “বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠান শুরু থেকেই মান প্রণয়ন, নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এতে আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, গবেষক ও মান বিশেষজ্ঞরা কর্মরত।”
তিনি আরো বলেন, “এরই মধ্যে এনআইএসটি থেকে ৪ জন বিজ্ঞানী মান গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এ প্রতিষ্ঠান বিএসটিআই- এর কোয়ালিটি সিস্টেম, ওজন ও পরিমাপ নির্ধারণ এবং ক্যালিব্রেশন ল্যাবরেটরির মানোন্নয়নে সহায়তা দেবে।”
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশে উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়ন ও মান অবকাঠামোর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলো এ বৈঠকে তুলে ধরেন।
তিনি বলেন, “অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যের মানোন্নয়নের পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের শুল্ক ও কারিগরি প্রতিবন্ধকতা মোকাবেলায় অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে।”
তিনি আরো বলেন, “বর্তমানে বাংলাদেশ একটি বিশ্বমানের গুণগত মাননীতি প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে অবস্থা করছে।”
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, এনআইএসটির আন্তর্জাতিক কর্মসূচি ব্যবস্থাপক মেগদালিনা নাভারো, মান ব্যবস্থাপক সেলি ব্রুস, জাতীয় স্বেচ্ছাসেবী ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কর্মসূচি বিষয়ক পরিচালক ওয়ারেন মার্কেল, আন্তর্জাতিক লিগ্যাল মেট্রোলজি কর্মসূচির লিডার ড. চার্লস আরলিস, ওজন ও পরিমাপ বিভাগের কর্মকর্তা জর্জিয়া হ্যারিস, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এস.এম. গোলাম ফারুকসহ শিল্পমন্ত্রীর সফরসঙ্গীরা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএ
নিউজবাংলাদেশ.কম








