রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৬৮
রংপুর: রংপুরে বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন জামায়াতের কর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। এদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশ পাঁচ কর্মী, পীরগাছা থানা পুলিশ আট কর্মী ও মিঠাপুকুর থানা পুলিশ ছয় কর্মীকে গ্রেফতার করেছে।
এ ছাড়া একই সময়ে জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








