ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষ
এবার হবিগঞ্জে ৪ জন নিহত
হবিগঞ্জ: লালমনিরহাটের ঘটনার রেশ না কাটতেই এবার হবিগঞ্জ জেলার উমেদনগরে ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া, নোয়াখাল গ্রামের রহিমা বেগম, নবীগঞ্জ উপজেলার আলীগঞ্জের সাহেদ আলীর এক বছর বয়সী মেয়ে সামিয়া। অন্য জনের পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তিন জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ সদস্য নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে হবিগঞ্জ জেলা শহরে আসছিল। পৌনে ৯টায় ইজিবাইকটি পৌর এলাকার উমেদনগর মাদ্রাসার নিকট পৌঁছলে বিপরীতমুখি মাটি বোঝাই একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইজিবাইক যাত্রী লাল মিয়া। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত ইজিবাইক যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য তিন জনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার সাথে সাথেই ট্রাক্টর চালক পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।
সদর থানার (ওসি) নাজিম উদ্দিন চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








