খাগড়াছড়িতে বৈসাবি উত্সব শুরু কাল
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বুধবার (৮ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে বৈসাবি উত্সবের আয়োজন। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
খাগড়াছড়ির প্রধান তিন আদিবাসী জাতিগোষ্ঠীর বৈসু, সাংগ্রাই ও বিজু উত্সব উপলক্ষে "বৈসু, সাংগ্রাই ও বিজু উত্সব" শিরোনামে এ উত্সবের প্রথম দিনের অনুষ্ঠানমালায় রয়েছে মারমাদের ঐতিহ্যবাহী পানিখেলা, আলোচনা সভা, শিল্পী ক্রাঞোরী মারমার অডিও-ভিডিও এ্যালবাম 'বৈশাখের সুর'-এর মোড়ক উন্মোচন এবং লুসাই শিল্পী দল ও ইনস্টিটিউট শিল্পীদলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু বিকেল চারটা থেকে। এদিনের অনুষ্ঠানমালায় রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেইন (কাপড়) বুনন প্রতিযোগিতা ও সাঁওতাল শিল্পীদল ও ইনস্টিটিউট শিল্পীদলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা থেকে। এ দিন পাচন (মিশ্র সবজির তরকারি) রান্না প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মণিপুরি শিল্পীদল ও ইনস্টিটিউট শিল্পীদলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও হিল কালচারাল অর্গানাইজেশনের পরিবেশনায় চাকমা নাটক প্রদর্শনী।
বুধবার সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, রিজিয়ন কমান্ডার স ম মাহবুব-উল-আলম, পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
১০ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
নিউজবাংলাদেশ.কমে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








