বোমা তৈরির প্রধান কারিগরসহ বিএনপি নেতা আটক
ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে বোমা তৈরির প্রধান কারিগর আব্দুল হাসিম (২৭), খিলক্ষেত জাসাসের সভাপতি সেলিম চৌধুরী (৪৭) এবং যুবদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯টি তাজা বোমা, বোমা তৈরির সাদা পাউডার, জর্দার খালি কৌটা ৩৫টি ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারী কমিশনার ইফতেখারুজ্জামান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ শনিবার রাত দশটার দিকে খিলক্ষেতের বনরুপা আবাসিক প্রকল্পের মেইন গেট সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের রাস্তার ওপর থেকে বোমা তৈরির প্রধান কারিগর আব্দুল হাসিম (২৭), খিলক্ষেত থানা জাসাসের সভাপতি সেলিম চৌধুরী (৪৭), ও যুবদল কর্মী মেহেদী হাসান ওরফে সুমন ফকির (৩৪) কে আটক করে পুলিশ।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, দলের সিনিয়র নেতাদের নির্দেশে মো. সেলিম চৌধুরী ও মেহেদী হাসান ফকিরের মাধ্যমে অর্থ পেয়ে তারা বোমা তৈরি করে। এ পর্যন্ত এ চক্রটি মোট ৫শ’টি বোমা বানিয়েছে, যার ২৫০টি চলে গেছে বিভিন্ন জেলা ও উপজেলায়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








