অসুস্থ শ্বশুরকে দেখতে গিয়ে খুন হলেন জামাই
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের ভূইয়া পাড়া এলাকায় অসুস্থ শ্বশুরকে দেখতে গিয়ে খুন হয়েছেন জামাই জয়নাল আবেদিন (৩২), তিনি পেশায় রিক্সাওয়ালা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও থানার এসআই হিরু মিয়া লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে আসেন। মৃতদেহে ছুরিকাঘাতে জখমের চিহ্ন রয়েছে।
নিহতের চাচাতো ভাই রুবেল জানান, জয়নাল আবেদিন মাদারটেক বস্তিতে স্ত্রী সোমা আক্তার এবং দুই ছেলে শাওন ও শাকিলকে নিয়ে থাকতেন। অসুস্থ শ্বশুরকে দেখতে পরিবার নিয়ে সকাল সাড়ে দশটায় খিলগাঁও ভূইয়াপাড়া যান তিনি। পরে স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়ি রেখে বাইরে বের হন জয়নাল।
তিনি জানান, এসময় স্থানীয় সন্ত্রাসী ফেন্সি স্বপন ও রিপন তাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে জয়নাল মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে গুরুতর আহত অবস্থায় জয়নালকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, জয়নাল আবেদিন এখন রিকশা চালালেও আগে টেক্সিক্যাব চালাতো। ফেন্সি স্বপন ও রিপনের অবৈধ মালামাল একজায়গা থেকে আরেক জায়গায় আনা নেয়ার কাজের সঙ্গে সে সম্পৃক্ত থাকতে পারে। হয়তো এসব নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।
জয়নাল আবেদিনের পিতার নাম আব্দুল জলিল। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ঢামুঢ্যা উপজেলার ছাতিয়ানিতে।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








