নির্বাচনবিধি লঙ্ঘণে ব্যবস্থা নেবে রিটার্নিং অফিসার
ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থী বা তার সমর্থকরা আচরণ বিধি ভঙ্গ করলে ব্যবস্থা নিতে কমিশনকে জানানোর প্রয়োজন নেই। রিটার্নিং অফিসারই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি বলেন, “বিধি লঙ্ঘণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইনগত সব ক্ষমতা রিটার্নিং অফিসারের আছে।”
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, “সবাইকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। আমরাও ধরে নিয়েছি সবাই সেটা মানবে। তবুও কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও এ বিষয়ে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “রিটার্নিং অফিসাররা আইনী কোনো সমস্যায় পড়লে কমিশনকে জানাবে। আমরা তখন সে অনুযায়ী ব্যবস্থা নেবো। সুন্দরভাবে ভোট গ্রহণের জন্য আচরণবিধি শক্তভাবে পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সহ্য করা হবে না।”
এসময় কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার ভূমিকাকে সাধুবাদ জানান তিনি।
এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। এ প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, “প্রতীক বরাদ্দ না পেলেও প্রাথমিক প্রচারণা চালাতে আইনগত কোনো বাধা নেই। তবে তা আইনসঙ্গত হতে হবে।”
আগামী ১০ এপ্রিল প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন। ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








