News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

জাতীয় গ্রিডে আরও ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে আরও ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রাহ্মণবাড়িয়া: মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত আরও ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় স্থাপন করা নতুন ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে আসার নির্ধারিত সময়ের আগেই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যোগ হয়েছে।

এ নিয়ে কেন্দ্রটি থেকে বিদ্যমান ৭২৫ মেগাওয়াটসহ মোট ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হলো জাতীয় গ্রিডে।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার নুরুল আলম জানান, “বর্তমানে এই ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। পর্যায়ক্রমে এর পরিমাণ আরও বাড়বে। এ পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার ফলে দেশের বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।”

বিদ্যুতের এই উৎপাদনে আসন্ন গ্রীষ্ম মৌসুমেও লোডশেডিং কমে আসবে বলে তিনি আশা করেন।

পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার জানান, “কয়েকদিন আগে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেডের ২১০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হয়েছে।”

তিনি বলেন, “নতুন এই ইউনিট দুটির মধ্যে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটিতে গত ১৪ মার্চ থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। মঙ্গলবার সকাল সাতটা থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে গেল ইউনিটটি।”

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনে বর্তমানে নিজস্ব নয়টি ও বেসরকারি চারটি ইউনিট রয়েছে।

এছাড়া আরও ১৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন চারটি ইউনিট নির্মাণ কাজ চলছে। তার মধ্যে ৪৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটির মধ্যে ২২৫ মেগাওয়াটের এ ইউনিট আজ মঙ্গলবার সকাল থেকে বাণিজ্যিক উৎপাদন গেল।

২১০ মেগাওয়াটের অপর ইউনিটটিতে পরীক্ষামূলক উৎপাদন চলছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়