পাবনা অ্যাডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের ভাঙচুর, সড়ক অবরোধ
পাবনা: অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের টাকা বাড়ানোর প্রতিবাদে সরকারি অ্যাডওয়ার্ড কলেজে বিক্ষোভ, মানববন্ধন, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা নিউজবাংলাদেশকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ১৭টি বিভাগের ফরম পূরণ চলছে। গত বছরের তুলনায় এবার প্রতিটি বিভাগে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা বাড়ানো হয়েছে।
তারা আরো জানান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৫ হাজার ১০০ টাকার স্থলে ৭ হাজার ৩০০ টাকা, ব্যবস্থাপনা বিভাগে ৫ হাজার ১০০ টাকার স্থলে ৬ হাজার টাকা, গণিত বিভাগে ৫ হাজার ৪০০ টাকার স্থলে ৬ হাজার ৬২৫ টাকা এবং হিসাববিজ্ঞান বিভাগে ৪ হাজার ৭০০ টাকার স্থলে ৬ হাজার টাকা বাড়ানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বাড়তি এ টাকা পরিশোধ করে অনেকের পক্ষেই পরীক্ষায় অংশ নেয়া সম্ভব নয়। এ কলেজের অধীনে ১৭টি বিভাগের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী এ পরীক্ষার ফরম পূরণ করবে।
অতিরিক্ত এ টাকা কমানোর দাবিতে ছাত্রছাত্রীরা দুপুর ১২টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন। এসময় তারা ক্যাম্পাসে হিসাববিজ্ঞান, বাংলা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের জানালা-দরজা ভাঙচুর করেন।
এরপর তারা কলেজগেটে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধাঘণ্টা এ সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে আলোচনা করে টাকা কমানোর আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল জব্বার নিউজবাংলাদেশকে বলেন, “পরীক্ষার ফরম পূরণের টাকা নির্ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে তাদের কোনো কর্তৃত্ব নেই।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নাইদ মো. শামসুল হুদা নিউজবাংলাদেশকে বলেন, “ফরম পূরণের টাকা নির্ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা শুধু মসজিদ ও কর্মচারী কল্যাণ খাতে ১১৫ টাকা বাড়িয়েছেন। তবে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে আরো ৫০ টাকা কমিয়ে আনা হয়েছে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৫০ টাকা কমানোর বিষয়ে তারা সন্তুষ্ট নন। মঙ্গলবার সবাই বসে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








