‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ফেরাউন বেলাল নিহত
খুলনা: সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বেলাল বাহিনীর প্রধান ফেরাউন বেলাল ওরফে দারোগা বেলাল যৌথবাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন ফরহাদ হোসেন নামে তার এক সহযোগী।
সোমবার ভোররাত সাড়ে ৩টায় সুন্দরবন অঞ্চলের শরণখোলা রেঞ্জে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট মাহফুজুল হক নিউজবাংলাদেশকে বলেন, “বনদস্যু ফেরাউন বেলাল ওরফে দারোগা বেলাল তার বাহিনী নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালানো হয়।”
তিনি বলেন, “বেলাল ও তার সহযোগীরা র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আত্মরক্ষার্থে তাদের উদ্দেশে গুলিবর্ষণ করে। একপর্যায়ে গুলির শব্দ থেমে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই বনদস্যুকে উদ্ধার করা হয়।”
মাহফুজুল হক আরো বলেন, “তাদেরকে শরণখোলা হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা ফেরাউন বেলালকে মৃত ঘোষণা করে। আহত অপর বনদস্যু ফরহাদ হোসেন মুন্সী শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
শরণনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম নিউজবাংলাদেশকে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








