বৈশাখ উদযাপন: থাকবে পুলিশের কড়া নজরদারি
ঢাকা: পহেলা বৈশাখের অনুষ্ঠান আজ হয়ে উঠেছে বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসবের আর কয়েকদিন বাকি। এদিন রাজধানীসহ সারাদেশ মেতে উঠবে বাঁধভাঙা উৎসবে। দিনটি নিরাপদ ও নির্বিঘ্নে উপযাপনের লক্ষ্যে দিনব্যাপী ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। বৈশাখী মেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, এমনকি খেলাধুলার মাঠেও থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়। এ নিরাপত্তা প্রস্তুতি বহাল থাকবে সারাদেশে ।
রোববার সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত এক সভায় দিনব্যাপী নিরাপত্তা প্রসঙ্গে সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, “জনগণ যাতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলকে সজাগ ও সর্তক থাকতে হবে।''
আইজিপি বর্ষবরণ অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সদস্যদের সহযোগিতা দেয়ার জন্য জনগণের প্রতি সার্বিক সহায়তা কামনা করেন।
বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর, জেলা ও উপজেলাসহ সারাদেশে আয়োজিত বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের সকল সিনেমা হল এবং জনসমাগমস্থলে পূর্বের তুলনায় আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইজিপি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
রাজধানী ঢাকায় নববর্ষের বৃহৎ জনসমাগমস্থলসমূহে এবং মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্য সকল সংস্থার সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশের অন্যান্য ইউনিট যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ে বিশেষ ব্যবস্থা নেবে। জরুরি উদ্ধার অভিযান চালানোর জন্য র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।
পুলিশ আরও জানায়, দেশের বিভিন্ন শপিং সেন্টার, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে নববর্ষের হালখাতা অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালসহ জনসাধারণের চলাচলের স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সমাগত বাংলা নববর্ষ ১৪২২। প্রতিবারই ব্যাপক আনন্দ-উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন পালিত হয়। এবার বৈশাখ না আসতেই বাঙালি দেখলো বৈশাখের ভয়াল রুদ্র রূপ। কালবৈশাখী ঝড়ের অকাল তাণ্ডব কেড়ে নিল বহু মানুষের প্রাণ। তবু বাঙালি সাজবে নতুন সাজে। লাখো মানুষের মিলনমেলায় পরিণত হবে রাজধানীসহ গোটা দেশ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








