সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু
দিনাজপুর: দিনাজপুরের নয়নপুর বটতলী নামক এলাকায় বাসের ধাক্কায় সফিকুল ইসলাম (৪০) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত সফিকুল বিজিবি দিনাজপুর সেক্টরের সিগন্যাল ম্যান ছিলেন।
এদিন জেলার পার্বতীপুর উপজেলা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টার দিকে সফিকুল ইসলাম ডিউটি শেষ করে দশমাইল এলাকার দিকে সাইকেলযোগে যাচ্ছিলেন। বটতলী নামক এলাকায় পৌঁছুলে সামনে থেকে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে আহতাবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবি দিনাজপুর সেক্টরের জি-টু মেজর এএসএম রবিউল হাসান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “ডিউটি শেষ করে তিনি কোথায় যাচ্ছিলেন, তা আমাদের জানা নেই। তিনি ল্যান্স নায়েক পদ মর্যাদার সদস্য ছিলেন।”
নিহত সফিকুল ইসলাম বিরল উপজেলা শহরের আসমত আলীর ছেলে। তিনি দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
এদিকে রোববার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর রেল স্টেশন সংলগ্ন ধান ক্ষেত থেকে এলাকাবাসী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, “ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








