ঝিনাইদহে জুতা কিনে টাকা না দেয়ায় ২ ছাত্রলীগকর্মীকে গণপিটুনি
ঝিনাইদহ: জুতা কিনে টাকা না দেয়ায় ২ ছাত্রলীগকর্মীকে গণপিটুনি দিয়েছে দোকানিরা। শনিবার দুপুর ২টার দিকে শহরের বালিকা বিদ্যালয় মার্কেটের ড্যান্ডি সু-স্টোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা নিউজবাংলাদেশকে জানায়, শনিবার দুপুরে ড্যান্ডি সু-স্টোর থেকে জুতা কিনে টাকা না দিয়ে ছাত্রলীগকর্মী আসলাম ও রাশেদ আলী চলে আসছিল। এসময় দোকানের মালিক এমদাদ হোসেন টাকা চাইলে তারা তার ওপর ক্ষিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, এসময় অন্যান্য দোকানিরা সেখানে জড়ো হয়। দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে দোকানিরা উত্তেজিত হয়ে ছাত্রলীগের ওই দু’কর্মীকে গণধোলাই দেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত ছাত্রলীগকর্মীরা নিউজবাংলাদেশকে বলেন, “দোকান-মালিক এমদাদ হোসেনের কাছে পাওনা টাকা থেকে জুতার দাম কেটে নিতে বলেছি। কিন্তু তিনি এসময় অন্য দোকানিদের সাথে নিয়ে আমাদেরকে মারধর করে।”
ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিছুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “ছাত্রলীগের ২ কর্মীকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় দোকান-মালিক এমদাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
তিনি আরো বলেন, “কী কারণে ছাত্রলীগের ওই ২ কর্মীকে মারধর করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তার সঠিক তথ্য পাওয়া যাবে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








