News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪০, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে পুলিশসহ আহত ৭, ভাঙচুর

চুয়াডাঙ্গায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে পুলিশসহ আহত ৭, ভাঙচুর

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুরে ধর্মসভার চাঁদা তোলাকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছে। এসময় পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী নিউজবাংলাদেশকে জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দলকা-লক্ষ্মীপুর গ্রামের মাদরাসার ধর্মসভার জন্য কয়েকজন তরুণ স্থানীয় ব্রিজের কাছে চাঁদা তুলছিল। এসময় লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের ২ সদস্যের কাছে চাঁদা চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এলাকাবাসী আরো জানায়, কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। এসময় পুলিশ সদস্যরা ক্যাম্পে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লিটন, জাব্বারুল, আল আমিন ও মিজানুর নামে ৪ তরুণকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করতে থাকে।

এলাকাবাসী জানায়, মারপিটের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা মসজিদের মাইকে সবাইকে একত্রিত হতে আহবান জানায়। গ্রামবাসী একত্রিত হলে সবাই মিলে পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় গ্রামবাসীর ওপর ৭-৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৫ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। এরপর গ্রামবাসী জুয়েল ও শহিদ নামে ২ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার পরপরই চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ও দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ মুহূর্তে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।

লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “গ্রামবাসীরা লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এসময় তারা পুলিশ সদস্যদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়