গণতন্ত্রের নামে সহিংসতা বন্ধ করুন: মিজানুর
ঢাকা: গণতন্ত্রের নামে সহিংসতা বন্ধ করার আহবান জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান রাষ্ট্রকে উদ্দেশ্য করে ‘রাষ্ট্র তুমি সমঝোতা ও জনবান্ধব হও’ বলে মন্তব্য করেছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে আমরা রাষ্ট্রকে বলেছিলাম যতটা প্রয়োজন কঠোর হতে। কিন্তু এখন দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। জনগণের মাঝে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে না হয় আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।”
আইন শৃঙ্খলাবাহিনীকে জনগণের সাথে তামাশা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কাউকে আটক করলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করবেন। ২ -৩ দিন আটক রাখার পর ২৪ ঘন্টার কথা বলে আদালতে তুলে জনগণের সাথে তামাশা করবেন না।”
তিনি বলেন, পুলিশের পোশাক নাটক-সিনেমায় ব্যবহার করা যাবে এই সিদ্ধান্ত মুক্তচিন্তার পথে অন্তরায় সুষ্টি করবে। রাষ্ট্রের মাথা কতটা খারাপ হলে এমন উদ্ভট সিদ্ধান্ত নিতে পারে।
রাজনীতিবিদরা শাস্তির উর্ধ্বে মন্তব্য করে তিনি বলেন, রাজনীতি করলে তাদের আটকাদেশ ৪০ দিন কেনো ৮০ দিনেও পৌছবে না। রাজনীতি করলে তারা সকল শাস্তির উর্ধ্বে উঠে যায়!”
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোটেক সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








