News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫১, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

আচরণবিধি ভঙ্গ

সাঈদ খোকন ও মিলনকে শোকজ

সাঈদ খোকন ও মিলনকে শোকজ

ঢাকা: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থী সাঈদ খোকন ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে। এর মধ্যে খোকন আওয়ামী লীগ সমর্থিত ও মিলন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী।

শনিবার ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদেরকে এ নোটিশ পাঠানো হয়।

সাঈদ খোকনকে পাঠানো নোটিশ থেকে জানা যায়, আচরণবিধি ভঙ্গ করে জুমার নামাজের সময় মসজিদে গিয়ে প্রচারণা চালিয়েছেন তিনি। শুক্রবার জুমার নামাজের সময় তিনি লালবাগ শাহী মসজিদে গিয়ে এ প্রচারণা চালান।

নামাজ শেষে স্থানীয় এমপি হাজী সেলিমের সঙ্গে গলাগলি করে সাঈদ খোকনকে বের হতে দেখা যায়। এ সময় সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, “সেলিম ভাই নামাজ পড়ার দাওয়াত দিয়েছিলেন, তাই একসঙ্গে নামাজ পড়লাম।”

নির্বাচনী আচরণবিধির ধারা ১২-তে ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে। সেখানে উল্লেখ আছে, ‘কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবেন না।’

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে সাইফুদ্দিন আহমেদ মিলনের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ নোটিশ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ভোটগ্রহণের ২১ দিন আগে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না বলেও নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ আছে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়