News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে হঠাৎ বেড়ে গেছে ছিনতাই

রাজধানীতে হঠাৎ বেড়ে গেছে ছিনতাই

ঢাকা: রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গেছে ছিনতাই। রোগীর স্বজন থেকে শুরু করে শিক্ষার্থী, নির্মাণ শ্র্রমিক এমনকি ফেরিওয়ালাও রেহাই পাচ্ছেন না তাদের কবল থেকে। ছিনতাইকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েও ছিনতাই করছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে দুই ছিনতাইকারী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মহররম হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের কাছ থেকে মোবাইল সেট এবং পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়।

এর আধা ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে তিন নেতার মাজারের সামনে থেকে এক ফেরিওয়ালার কাছ থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর গাউসিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী সানু মিয়া বাসায় ফেরার পথে মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী তার পায়ে গুলি করে ব্যাগে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার আধা ঘণ্টা পর অর্থাৎ রাত দুইটার দিকে কদমতলীতে ফালান মিয়া নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীকে সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি থেকে নাটক দেখে বাসায় ফেরার পথে রমনা পার্কের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিক। ছিনতাইকারীরা তার পেটের বাম দিকে ছুরিকাঘাত করে আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওখানেই চিকিৎসাধীন। 

রাজধানীতে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়া প্রসঙ্গে কথা বললে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার ইফতেখারুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে গত কয়েক দিনে এর মাত্রাটা একটু বেড়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজধানীবাসীকে একটাই অনুরোধ করবো, এমন ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় বিষয়টি অবহিত করবেন। অনেকেই আছেন, ছিনতাইয়ের শিকার হয়েও থানায় অবহিত করেন না। যে কারণে দেখা যায় ছিনতাইকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়