রাজধানীতে বিলাসবহুল গাড়ি জব্দ
ঢাকা: শুল্ক বিভাগের ছাড়পত্র ছাড়াই ভুয়া কাগজ দিয়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা একটি বিলাসবহুল মার্সিডিস বেঞ্জের গড়ি জব্দ করেছে শুল্ক বিভাগ।
শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে এ গাড়িটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা।
তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের ২৩/এ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। অভিযানের সময় ৭ কোটি টাকা মূল্যের গাড়িটি ওই বাড়ির গ্যারেজে ছিল।”
শুল্ক ও গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান জানান, গাড়ির মালিকের নাম বেলায়েত হোসেন। তিনি গাড়ি আমদানি ব্যবসায় যুক্ত। অভিযানের সময় তিনি দেশের বাইরে ছিলেন। তবে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের উপস্থিতিতেই গাড়িটি জব্দ করা হয়। ২০০৮ মডেলের গাড়িটিতে রেজিস্ট্রেশন নম্বর লেখা ছিল- ঢাকা মেট্রো- গ-১৪-৯৭৩৮।
কেন গাড়িটি জব্দ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাত কোটি টাকা দামের গাড়িটি ভুয়া কাগজপত্র দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। এরপর ২০০৯ সালে ভুয়া বিল অফ এন্ট্রির মাধ্যমে রেজিস্ট্রেশনও করা হয়েছিল। এই গাড়িটি বৈধভাবে আমদানি করতে তিন কোটি টাকা শুল্ক দিতে হত, যা ফাঁকি দেওয়ার অভিযোগে গাড়িটি জব্দ করেছে শুল্ক বিভাগ ’’
মালিক শুল্ক দিয়ে গাড়িটি ফেরত নিতে পারবেন কি না জানতে চাইলে মঈনুল খান বলেন, ‘কাস্টমস আইনে বিচারে দুই পক্ষের বক্তব্য শুনে তিন ধরনের রায় আসতে পারে। এর একটি ৩ কোটি টাকা শুল্ক নিয়ে গাড়ির মালিককে ফেরত দেওয়া; দ্বিতীয়টি গাড়িটির যা মূল্য তার ১০ গুণ নির্ধারণ করে ফেরত দেওয়া; তৃতীয়টি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা।”
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








