বীমা অফিসে কর্মকর্তার ঝুলন্ত লাশ
দিনাজপুর: দিনাজপুরে মেহেরাফ আলী (৬০) নামে এক বীমা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দিনাজপুর শাখার ম্যানেজার ছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের বাহাদুর বাজার স্টেশন রোড শীতল প্লাজা মার্কেটের দ্বিতীয় তলার অফিস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মেহেরাফ আলীর প্রতিবেশী খোরশেদ আলম জানান, মেহেরাফ আলী বিকাল তিনটার দিকে বাড়িতে মোবাইল, মোটর সাইকেল রেখে বের হয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার কর্মস্থল বীমা অফিসে খোঁজ করতে আসলে তার ঝুলন্ত লাশ দেখা যায়।
মেহেরাফের ভাগিনা আরিফ জানান, তারা অফিসে এসে দরজা, জানালা খোলা দেখতে পান। শুক্রবার দিন কেন তিনি অফিসে আসলেন তা রহস্যজনক।
প্রতিবেশীদের একটি সূত্রে জানা যায়, মেহেরাফ আলী আগে ব্যাংকে চাকারি করতেন। অজ্ঞাত কারণে তার চাকরি চলে যায়। পরে তিনি এই বীমা কোম্পানিতে ম্যানেজার হিসাবে চাকরি করতেন। অনেকের ধারণা অর্থনৈতিক কারণেই আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান জিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মেহেরাফ আলী তিন কন্যার জনক। তিনি পাক পাহাড়পুর এলাকার মৃত অহির উদ্দীনের পুত্র।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








