News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০০, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, রাবার বুলেটে আহত ৫

চুয়াডাঙ্গায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, রাবার বুলেটে আহত ৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুরে ওয়াজ মাহফিলের জন্য চাঁদা চাওয়াকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ ক্যাম্প ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দলকা-লক্ষ্মীপুর গ্রামের মাদ্রাসার ওয়াজ মাহফিলের জন্য লিটন, জাব্বারুল, আলামিনসহ ৭-৮ জন যুবক স্থানীয় ব্রিজের কাছে চাঁদা আদায় করছিল। এসময় লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের দুই সদস্যের কাছে চাঁদা চাইলে পুলিশের সঙ্গে যুবকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর পুলিশ সদস্যরা লক্ষ্মীপুর ক্যাম্পে মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিটন, জাব্বারুল, আলামিন ও মিজানুরকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করতে থাকে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা মসজিদের মাইকে একত্রিত হওয়ার জন্য বলে। গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় পুলিশ গ্রামবাসীর ওপর ৭-৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আব্দুল হামিদ, মিলন, কবির, সেলিম ও স্বাধীন গুলিবিদ্ধ হয়েছেন। এরপর গ্রামবাসীরা লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের দুই পুলিশ সদস্য জুয়েল ও শহীদকে পিটিয়ে আহত করে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান ও দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।

লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, গ্রামবাসীরা লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে এবং পুলিশ সদস্যদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়