News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২১, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

ঝড়-শিলাবৃষ্টিতে বান্দরবানে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ঝড়-শিলাবৃষ্টিতে বান্দরবানে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বান্দরবন:  ঝড় ও শিলাবৃষ্টিতে থানচি উপজেলার অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেসঙ্গে নষ্ট হয়েছে গাছপালা এবং উঠতি ফসল। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এলাকাবাসী নিউজবাংলাদেশকে জানায়, থানচি বাজার, মরিয়ম পাড়া, সমিতি পাড়া, ত্রিপুরা পাড়াসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে বৃহস্পতিবার রাতে ঝড় বয়ে যায়। এর সঙ্গে ছিল শিলাবৃষ্টি। এসময় প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও বেশ কিছু গাছপালা বিধ্বস্ত হয়। ভেঙে পড়ে থানচি পোস্ট অফিস।

থানচি বাজারের নুরুল আমিন নিউজবাংলাদেশকে বলেন, “ভোরে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে তাদের বাড়ির টিনের চালা উড়ে যায়। এ সময় বৃষ্টিতে তাদের ঘরের সবকিছু ভিজে নষ্ট হয়ে যায়।”

টিএন্ডটি এলাকার মহসিন মিয়া নিউজবাংলাদেশকে বলেন, “তার ঘরের টিন ঝড়ে উড়ে যাওয়ায় তিনি এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঘরে যে খাবার ছিল তাও নষ্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত কেউ সাহায্যের জন্য আসেনি।”

চাষি আবুল কালাম নিউজবাংলাদেশকে বলেন, “শিলাবৃষ্টিতে প্রায় আধা একর জমির তরমুজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় একেবারেই নিঃস্ব হয়ে গেছি।”

উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা নিউজবাংলাদেশকে বলেন, “প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরের টিনের চালা ঝড়ে উড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন উপাসনালয়।”

তিনি আরো বলেন, “ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়ার মতো উপজেলা পরিষদের নিজস্ব কোনো ফান্ড না থাকলেও পরবর্তীতে সাহায্যের জন্য ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নিরুপণ করে সাহায্য দেয়ার ব্যবসথা করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়