মিরসরাইয়ে ট্রাক চাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
মিরসরাই: জোরারগঞ্জ থানার চিনকী আস্তানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় জোরাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ সাব মিয়া (৮০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা (উপ-পরিদর্শক) হুমায়ুন কবির বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা নিউজবাংলাদেশকে জানায়, শুক্রবার সকালে সড়ক পার হওয়ার সময় এনায়েত উল্লাহ চট্টগ্রাম থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পথে তিনি মারা যান।
জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি আটক করে। তবে এ সময় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।
তিনি আরো বলেন, “নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল ৫টায় চিনকী আস্তানা ঈদগাহে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি জোরারগঞ্জ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির প্রভাবশালী সদস্য ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








