রাতের আঁধারে সড়কের গাছ উধাও!
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে সড়কের দুপাশ থেকে এলজিইডির গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তচক্র।
বুধবার রাতে পুরাতন বাখরবা গ্রামের পাকা সড়কের প্রায় দুকিলোমিটার এলাকার অর্ধশতাধিক মেহগনি, নিম গাছ কেটে নেয় তারা।
এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ।
তবে এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি।
এলজিইডির অভিযোগে জানা গেছে, “দীর্ঘ প্রায় ১৫ বছর আগে শৈলকুপা-কাতলাগাড়ি সড়ক সহ অন্যান্য সড়কের দুপাশে মেহগনি, দেশি নিমসহ নানা প্রজাতির বনজ বৃক্ষ রোপণ করে এলজিইডি। তাদের তত্ত্বাবধানে গাছগুলি বেড়ে ওঠে। এসব গাছ বেশ বড় হয়ে উঠেছে। বুধবার রাতে কাতলাগাড়ি সড়কের পুরাতন বাখরবা সড়কের দুপাশ থেকে কে বা কারা নিমগাছ, মেহগনি গাছসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে নিয়ে গেছে।”
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গাছগুলো কাটা দেখে শৈলকুপা এলজিইডি অফিসে খবর দেয়।
এলজিইডির কমিউনিটি অর্গানাইজার ফজলুর রহমান জানান, “সড়ক থেকে গাছ চুরির খবর পেয়ে সেখানে ৪২টি গাছ এর গুঁড়ি দেখতে পেয়েছে। কিছু ডাল-পালা পড়ে আছে, এসব গাছ রাতেই চুরি করে নিয়ে গেছে।”
তিনি বলেন, “এ ব্যাপারে এলজিইডি কর্মকর্তা অমিয় কান্তি মৈত্র বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।”
গাছগুলোর মূল্য লক্ষাধিক টাকা বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, “রাতে আঁধারে দুর্বৃত্তরা এটি করতে করেছে বলে মনে হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








