দশম সংসদের পঞ্চম অধিবেশন সমাপ্ত
ঢাকা: টানা ৩৯ কার্যদিবস চলার পর জাতীয় সংসদের দশম অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। ১৯ জানুয়ারি এ অধিবেশন শুরু হয়েছিলো।
প্রাথমিকভাবে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে ৫ মার্চ পর্যন্ত অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। পরে স্পিকার সংসদ নেতার সঙ্গে আলোচনা করে অধিবেশনের মেয়াদ বাড়ান।
বছরের প্রথম অধিবেশন রীতি অনুযায়ী এই অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা ছিলো গত ৩৯ কার্যদিবসের মূল কার্যসূচি। ৫৮ ঘন্টা ২৬ মিনিট ধরে অনুষ্ঠিত এ আলোচনায় ৩৭ জন বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যসহ ২৩৬ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন।
এছাড়া সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের পর সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। পরে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করে জাতীয় সংসদের দীর্ঘতম দশম অধিবেশন সমাপ্ত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
দশম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৭টি প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রীর ১৯২টি উত্তর টেবিলে উত্থাপিত হিসেবে বিবেচিত হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ৪ হাজার ৭৯৬টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৬৭৫টি প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
দশম সংসদে ৮টি বিল পাস হয়েছে। ১১টি বিল উত্থাপিত হয়। ৩টি বিল সংসদীয় কমিটির বিবেচনাধীন আছে। এর মধ্যে একটি বেসরকারি বিল রয়েছে। দশম সংসদে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১(ক) বিধিতে আনীত ১৩০ টি নোটিশ আলোচিত হয়। ৬৮ বিধিতে হরতাল অবরোধ কালে এসএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া সংসদে আলোচনার জন্য ৭১ বিধিতে ৫২৯ জনগুরুত্বপূর্ণ নোটিশ জমা পড়ে। এরমধ্যে ৩০টি নোটিশ গৃহীত হয়। ৯টি নোটিশ আলোচিত হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








