News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৮ জানুয়ারি ২০২০

গ্রেনেড বিষ্ফোরণে ২ শিশু নিহত, আহত ১

গ্রেনেড বিষ্ফোরণে ২ শিশু নিহত, আহত ১

সাভার: সাভার বাংলাদেশ সেনানিবাসের পাশের একটি মাঠে পরিত্যক্ত গ্রেনেড বিষ্ফোরণে দুই শিশু নিহত হয়েছে।

নিহত শিশুরা হলেন, বিরুলিয়া ইউনিয়নের মোস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় (১০) ও আব্দুর রহমানের ছেলে শুভ (১০)।

এ ঘটনায় সালমান (১১) নামের অপর এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিরুলিয়া ইউনিয়নের মোস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, “বৃহস্পতিবার বিকেলে মোস্তাপাড়া গ্রামের একটি বাড়িতে দাওয়াত শেষে বাড়ি ফিরছেলেন তারা। এ সময় তাদের সাথে থাকা কয়েকজন শিশু বাড়িতে না এসে বাড়ির পাশে বাংলাদেশ সেনানিবাসের ফায়ারিং স্পট (বোমকা) এর পাশের একটি মাঠে খেলার উদ্দেশ্যে যান। পরে পৌনে ছটার দিকে শিশুরা ওই মাঠের মধ্যে পরিত্যক্ত একটি গ্রেনেড পেয়ে সেটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এর কয়েক মুহুর্তের মধ্যেই গ্রেনেডটির বিস্ফোরণ হলে দুই শিশু মারা যায়।”

এ ঘটনায় আহত হয় তাদের সঙ্গে থাকা আরও এক শিশু।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সাভার সেনানিবাসের ফায়ারিং স্পটে সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সময় কিছু গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় ওই মাঠে পড়ে থাকে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো সরিয়ে নেয়। “

শিশুদের মৃত্যুর খবর শুনে মোস্তাপাড়া গ্রামের শত শত মানুষ ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভের সাথে বলেন, “সেনানিবাসের সদস্যদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।”

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়