News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৬, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৮ জানুয়ারি ২০২০

সাভারে অসুস্থ শতাধিক শ্রমিক

সাভারে অসুস্থ শতাধিক শ্রমিক

সাভার: আশুলিয়ায় একটি পোশাক কারখানার খাবার ও পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জিরানী এলাকার পানিশাইল মহল্লার তুরাগ গার্মেন্টস লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মর্জিনা আক্তার, শেফালী ও লাইজুসহ কারখানার একাধিক অসুস্থ শ্রমিক বলেন, বুধবার রাতের শিফটে কারখানার ভেতরে তারা প্রায় দুহাজার শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত একটার দিকে তাদের কলা, রুটি ও ডিম খেতে দেয়া হয়। ওই খাবার ও কারখানার পানি পান করার পর থেকেই কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু শ্রমিকের বমি হয় ও অনেকে ফ্লোরে পড়ে যায়।”

জানা যায়, একে একে কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে করে পার্শ্ববর্তী লাইলী ক্লিনিক, বাংলাদেশ কোরিয়ান হাসপাতাল, জাহানারা হাসপাতাল, নাসির উদ্দিন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, তাবাত্তুলি ক্লিনিকসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ-কোরিয়ান হাসপাতালের সিনিয়র মেডিকেল কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে তাদের হাসপাতালে তুরাগ গার্মেন্টেসের প্রায় ২৫ জন অসুস্থ শ্রমিক ভর্তি হন।”

এদের মধ্যে এখন পর্যন্ত ১০ শ্রমিক ভর্তি রয়েছেন বলেও তিনি জানান।

মেডিকেল কর্মকর্তা আরও জানান, অসুস্থদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে তুরাগ গার্মেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মাহমুদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রমিক অসুস্থতার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়